ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

প্রকাশিত: ০৫:০৩, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:০৩, ২ সেপ্টেম্বর ২০১৯

কানাডার পার্লামেন্টে বিরোধী দলের ডেপুটি হুইপ মৌলভীবাজারের ডলি

মৌলভীবাজার: অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন স্কারবোরো সাউথওয়েষ্ট থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম।

এক প্রতিবেদনে কানাডা থেকে প্রকাশিত অনলাইন নতুন দেশ জানিয়েছে, ডলি বেগম এমপিপি প্রভিন্সিয়াল পার্লামেন্টে অফিসিয়াল বিরোধী দল এনডিপির ‘আর্লি লার্নিং অ্যান্ড চাইল্ড কেয়ার ক্রিটিক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি বিরোধী দলীয় ডেপুটি হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।

কানাডায় এই প্রথম কোনও বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক এই ধরনের দায়িত্ব পেলেন।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামের সন্তান ডলি বেগম। তিনি মনুরমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সুজন মিয়ার নাতনী।

এর আগেও, মৌলভীবাজা‌রের মেয়ে ডলি বেগমই এমপিপি হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি হওয়ার ইতিহাস গড়েছিলেন।

কনজারভেটিভ প্রিমিয়ার ডাগ ফোর্ডের গণবিরোধী নানা পদক্ষেপের বিরুদ্ধে খোলামেলা বক্তব্য রেখে ডলি বেগম এমপিপি ইতিমধ্যে অন্টারিওর প্রভিন্সিয়াল রাজনীতিতে বিশেষ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। অন্টারিওর পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন ডলি বেগম।

ডলি বেগম মৌলভীবাজারের স্থানীয় মনুমুখ বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতোকত্তর সম্পন্ন করেছেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ