ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ০৬:৫৩, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:৩৭, ৪ সেপ্টেম্বর ২০১৯

মৌলভীবাজারে কাজের স্মৃতি উজ্জ্বলতায় পরিপূর্ণ থাকবে

প্রায় দুই বছর পর কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। আর একদিন পরেই মৌলভীবাজার সদর উপজেলায় শেষ কার্যদিবসটি পার করবেন তারুণ্যদীপ্ত এই কর্মকর্তা। মৌলভীবাজারে কর্মকালীন সময়ে জড়িয়ে আছে আবেগ আর নানা স্মৃতি। স্থানীয় মানুষজন, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সাথেও তৈরি হয়েছে হৃদ্যিক সম্পর্ক।  কবিতা লিখতে ও ছবি তুলতে পছন্দ করেন তিনি। ১ বছর ১০ মাস ২৬ দিন এ উপজেলায় অবস্থানকালীন সুদীর্ঘ স্মৃতির যে সুদৃঢ় বুনন হয়েছে বিদায় বেলায় তার কিছুটা ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ করেছেন কবি মোIহাম্মদ মনিরুজ্জামান। কোনো ধরনের সম্পাদনা না করে তাঁর পোস্টটি আইনিউজের পাঠকদের জন্য প্রকাশ করা হলো। 

আর একদিন পরেই মৌলভীবাজার সদর উপজেলায় আমার শেষ কার্যদিবসটি পার করব। এ সংক্রান্ত সকল সরকারী আদেশ ইতোমধ্যে জারি হয়ে গেছে, প্রস্তুতিও সম্পন্নপ্রায়। ১ বছর ১০ মাস ২৬ দিন এ উপজেলায় অবস্থানকালীন সুদীর্ঘ স্মৃতির যে সুদৃঢ় বুনন হয়েছে তা সত্যিই আজীবন মনে উজ্জ্বল হয়ে থাকবে। মৌলভীবাজার জেলায় মোট দুইবার দু'টি পদে কাজ করার সুযোগ হলো। এ জেলায়, বিশেষ করে, সদর উপজেলায় কাজ করার অভিজ্ঞতা সারাজীবনের জন্য অনন্য স্মৃতি-সমাহার হয়ে থাকবে।

আমার কর্মকালীন এ জেলার মান্যবর জেলা প্রশাসক হিসেবে জনাব মোঃ তোফায়েল ইসলাম স্যার, মিজ্ নাজিয়া শিরিন স্যার, জেলা প্রশাসনের শ্রদ্ধেয় সকল সিনিয়র স্যারকে, অনুজ সহকর্মীগণকে এবং এ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারকে আমার প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মৌলভীবাজার সদর উপজেলার সকল সহকর্মী ও জনপ্রতিনিধির প্রতিও অশেষ কৃতজ্ঞতা রইল আমার সকল কাজে পাশে থাকার জন্য এবং একটি টীম ওয়ার্কের মাধ্যমে সঠিক সময়ে জনগণকে সেবা প্রদান নিশ্চিত করার ক্ষেত্রে তাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য।

ইউএনও হিসেবে সদর উপজেলার চেয়ে অন্য উপজেলায় কাজ করা ভাল- একথাটি প্রায় মুখে মুখে প্রচলিত। আমি যেহেতু অন্য উপজেলাতেও কাজ করেছি এবং সদর উপজেলাতেই বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমার মূল্যায়নে মৌলভীবাজার সদর উপজেলার কাজের সময়টি আমার জন্য শ্রেষ্ঠতম ছিল এটি নির্দ্বিধায় বলতে পারি। এ উপজেলার সর্বস্তরের জনগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষয়িত্রী সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা রইল।

এখানে অবস্হানকালীন আমার ব্যক্তিগত অর্জনও অনেক। এজন্য আমার নিজ দপ্তরের সহকর্মীগণ সর্বাগ্রে কৃতজ্ঞতার দাবীদার। এরপরে যেহেতু আগামী চার বছর কার্যত আমার কোনো কর্মস্থল থাকছে না তাই আপাতত মৌলভীবাজার সদর উপজেলায় অবস্থান ও কাজের স্মৃতিই এ সময়ের জন্য আমার ও আমার পরিবারের কাছে সদ্য গত হিসেবে উজ্জ্বলতায় পরিপূর্ণ থাকবে।

অনেকে অনেক আন্তরিকতা ও হৃদ্যতার ঋণের জালে আমাদের আবদ্ধ করেছেন যাদের প্রতি আমরা হয়ত তেমন কিছুই করতে পারিনি। এজন্যও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও একই সাথে আমাদের সীমাবদ্ধতার জন্য ক্ষমাপ্রার্থী। কারো প্রতি জেনেশুনে কোনো অন্যায় করেছি বলে মনে করি না। আমি বা আমার পরিবার যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তো যাবার বেলায় ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা সুন্দর, পরিচ্ছন্ন, শান্তির জনপদ প্রিয় শহর মৌলভীবাজারকে মিস করবো, অনেক... অনেক...। আপনারা সবাই ভাল থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হয়ত আবার দেখা হয়ে যাবে অন্যভাবে, 'অন্য কোথাও, অন্য কোনোখানে...'

লেখক : উপজেলা নির্বাহী অফিসার , মৌলভীবাজার সদর।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়