ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১৪:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৯

ফের বিএসএফ'র গুলিতে নিহত ১ বাংলাদেশি, আহত ১

লালমনিরহাট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে হতাহতের এই ঘটনা ঘটে।

আহত এবং নিহত দুজনের বাড়িই নীলফামারীর ডিমলা উপজেলায়। নিহত যুবক বাবুল মিয়া (২৪) ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী কালিগঞ্জ গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহত সাইফুল ইসলাম (১৮) পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের গোলজার হোসেনের ছেলে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।

অন্যদিকে বিএসএফ নিহতের লাশ ও আহত ব্যক্তিকে আটকে রেখেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, বাবুলের বাড়ি সীমান্তবর্তী কালিগঞ্জ গ্রামের তিস্তা নদীর চরে। নদীর ওপারেই পাটগ্রামের দহগ্রাম সীমান্ত। ঘাস খাওয়ানোর জন্য তার সঙ্গে থাকা গরু দেখে বিএসএফ ভেবে নেয় গরু চোরাকারবারী। সেটি ভেবেই গুলি করতে পারে তাকে। এরপর তার লাশ নিয়ে যায় বিএসএফ।

এদিকে নিহত বাবুল মিয়ার অন্ধ মা রুবিনা বেগম এখনো বিশ্বাস করতে পারছেন না ছেলের মৃত্যুর খবর। তিনি বলেন, 'লোকমুখে শুনছি বাবুল বিএসএফের গুলিতে মারা গেছে। কিন্তু আমি তো এখনও চোখে দেখিনি। না দেখলে বিশ্বাস করবো কেমনে। বাবুল সকালে গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। এরপর বিএসএফের গুলিতে নিহত হওয়ার খবর পান তারা।'

এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, আহত সাইফুলের ফুপুর বাড়ি সীমান্তের পাটগ্রাম উপজেলার দহগ্রামে। তিনদিন আগে সে বেড়াতে গিয়েছিল সেখানে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বাড়ির বাইরে বের হলে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়।

উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, আমার জানা মতে সাইফুলের বয়স ১৭ থেকে ১৮ বছর হবে। তার পরিবারের কাছে শুনেছি তিনদিন আগে দহগ্রামে তার ফুপুর বাড়িতে বেড়াতে গেছে। আজ সকালে ভারতীয় সীমান্তের বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পাই। বিএসএফের আওতায় চিকিৎসাধীন থাকা সাইফুলের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। ভালো থাকার কথা জানিয়েছে সে।

ওই দুই হতাহতের ঘটনার ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বারবার চেষ্টার পরও ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মকর্তারা কিছু বলেননি।

তবে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বলেন, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে। ওই দুই জনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়