ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ১৫ আগস্ট ২০২১
আপডেট: ২০:১৩, ১৫ আগস্ট ২০২১

দেশে করোনায় প্রাণহানি ২৪ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যু ছাড়াল ২৪ হাজার। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৬ হাজার ৬৮৪ জনকে। 

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় ২৪ হাজার ১৭৫ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে। 

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭১ জন। এছাড়া চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ১২, খুলনায় ২১, বরিশালে ৮, সিলেটে ১৩, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
 
নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ৮৬ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৯৪৩ জন এবং নারী ৮ হাজার ২৩২ জন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১১৩ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ১০ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১১ হাজার ৩৭১ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়