ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ১৫ আগস্ট ২০২১
আপডেট: ০৯:০৮, ১৬ আগস্ট ২০২১

১৫ আগস্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের বিচার হলেও মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, তাদেরও মুখোশ উন্মোচন করতে হবে। এজন্য কমিশন গঠনের কথা বলেন তিনি।

আজ রোববার (১৫ আগস্ট) বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করার জন্য ১৫ আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়। এর সাথে দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত ছিল। ঘাতকরা সেদিন শুধু বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং পরে জাতীয় চার নেতাকেও হত্যার মাধ্যমে জাতিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কেবল ক্যারিশম্যাটিক নেতাই ছিলেন না, তিনি  প্রশাসক এবং কূটনীতিক হিসেবেও অনন্য ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মিত্রবাহিনীর সদস্যরা এখনও বিভিন্ন দেশে অবস্থান করছে, কিন্তু বঙ্গবন্ধু মাত্র ৩ মাসের মধ্যে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠান। যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি স্বল্প সময়ের মধ্যে পুনর্গঠন করেন। পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বাঙালিকে উপহার দিয়েছিলেন, এমনকি একটি সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত করেন। জীবিত থাকলে  বঙ্গবন্ধু বিশ্ব নেতায় পরিণত হতেন।

দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে কোরান তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।

এর আগে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়