নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:১৭, ১৭ আগস্ট ২০২১
কিছু আফগানকে আশ্রয় দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ
তালেবানরা ক্ষমতায় আসতেই দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন আফগান নাগরিকরা।
আফগানিস্তানে ক্ষমতার হাতবদল হয়েছে। তালেবান শাসনে আফগান নাগরিকরা দেশ ছাড়তে চাইছেন। এর মধ্যেই মার্কিন বিমানে উঠে আমেরিকা যাওয়ার চেষ্ঠা করে কয়েকজন নিহতও হয়েছেন। এমন অবস্থায় কিছু আফগান নাগরিককে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ, এমনটিই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। তবে বাংলাদেশ এই অনুরোধ রাখতে পারেনি বলে জানান মন্ত্রী।
ড. মোমেন জানান, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা এ ধরনের অনুরোধ আরও কয়েকটি রাষ্ট্রকে করেছে। তবে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আর কোন কোন রাষ্ট্রকে এই অনুরোধ করা হয়েছে। কিন্তু দেশটি কোনো সদুত্তর দিতে পারেনি।
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।
গত মাসে আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর একে একে দেশটির বিভিন্ন প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়া তালেবান। সবশেষ রবিবার রাজধানী কাবুলে প্রবেশ করে তারা। তালেবানের কাবুলে প্রবেশের পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর মধ্য দিয়ে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের পতন নিশ্চিত হয়েছে। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।
এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ এবং মনে করছে যে, এই ঘটনা এ অঞ্চলে এবং এর বাইরেও প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক ও বহুত্ববাদী আফগানিস্তান হচ্ছে দেশটিতে স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র গ্যারান্টি। বাংলাদেশ আফগানিস্তানে বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশটির সকল অংশীজনদের প্রতি আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আফগানিস্তানের জনগণকেই তাদের দেশ পুনর্গঠন এবং ভবিষ্যতের গতিপথ তাদের নিজেদেরই নির্ধারণ করতে হবে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























