ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ২০:০৫, ১৭ আগস্ট ২০২১

আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে। সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আসছে। এগুলোকে মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (১৭ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২০০৫ সালের ১৭ আগস্ট ঘৃণ্যতম সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একযোগে সারাদেশে বোমা হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠীরা। যখন একযোগে সারাদেশে বোমা হামলা হয় তখন বিএনপি কেন নীরব ছিল? তারা এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই জড়িত বলে নীরব ছিল।

তিনি বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পরে আরো অনেকগুলো বোমা হামলার ঘটনা ঘটে। এমনকি বিচারপতিসহ কয়েকজনকে বোমা হামলা করে হত্যা করা হয়। এর পিছনে কারা ছিল? কারা সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছিল? তখন যারা ক্ষমতায় ছিল, তারা এই সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিয়েছিল। তাদের চিন্তা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশের মানুষকে হত্যা করে, দেশের জনগণকে আগুনে পুড়িয়ে মারে তাদের কাছে রাষ্ট্র নিরাপদ নয়। তারা বারবার শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। সাম্প্রদায়িক হামলা করেছে এতে প্রমাণিত হয় যে দেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের কুশীলব।

খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির সঙ্গে তামাশা করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার জন্মদিনের নামে জাতির সঙ্গে তামাশা ও প্রহসন করছে বিএনপি। একটা লোকের কীভাবে ছয়টা জন্মদিনের তারিখ হয়। সাহস, সহমর্মিতা, শিষ্টাচার থাকলে জন্মদিনের নামে তামাশা বন্ধ করুন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়