ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৯:১৩, ২৪ আগস্ট ২০২১

আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

আইভি রহমান

আইভি রহমান

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৪ আগস্ট)। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট তিনি মারা যান।

বঙ্গবন্ধুর স্নেহধন্য ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের পুরো নাম জেবুন নাহার রহমান আইভি। ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার পিতা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ এবং মা হাসিনা বেগম একজন গৃহিণী ছিলেন। 

আইভি রহমান ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণিতে অধ্যয়নকালে তৎকালীন তুখোর ছাত্রনেতা জিল্লুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আট বোন চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন বর্তমানে কিশোরগঞ্জ-৭ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আর দুই মেয়ে তানিয়া ও ময়না। 

ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আইভি রহমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনৈতিক বর্ণাঢ্য জীবন শুরু করেন। সদালাপী আইভি রহমান ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

১৯৭১ সালে তিনি ভারতে গিয়ে সশস্ত্র ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সালে দলের জাতীয় কাউন্সিলেও তাকে একই পদে নির্বাচিত করা হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করে গেছেন। এর আগে ১৯৮০ সাল থেকে কয়েক বছর মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। নারী অধিকার আদায়ের সংগ্রামে ও সমাজের অবহেলিত শিশু প্রতিবন্ধীদের কল্যাণেও আইভি রহমানের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়