ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫০, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১১:০৬, ২৫ আগস্ট ২০২১

উত্তরাঞ্চলে মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমী বায়ূ বাংলাদেশের ওপর সক্রিয় থাকায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পরের ৫ দিনের আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম  অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ডিমলা ও টেকনাফে ৩৯, নিকলিতে ৩৩, টাঙ্গাইল ও সন্দ্বীপে ৩০, ঈশ্বরদীতে ২৫, বদলগাজীতে ২২ এবং কক্সবাজারে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এছাড়া সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । মঙ্গলবার চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ঢাকায় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়,  মৌসুমী বায়ূর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ূ বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

সূত্র: বাসস 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়