ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১২:০৩, ২৫ এপ্রিল ২০১৯
আপডেট: ১২:০৫, ২৫ এপ্রিল ২০১৯

ধর্মঘটে অচল বাংলাবান্ধা স্থলবন্দর, দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও যাত্রীরা।

পঞ্চগড়:  ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রামে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চারটি জেলায় একযোগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটে আন্তজেলার সবকটি রুটে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসও। ফলে এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও যাত্রীরা। এদিকে, অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে স্থবিরতা দেখা দিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে । বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও নেপাল থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবারে বন্দর ইয়ার্ড থেকে পাথরসহ বিভিন্ন পণ্য বাইরে সরবরাহ করা যায়নি। আর এতে ক্ষতির মুখে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। উল্লেখ্য, এ স্থলবন্দর দিয়ে ভারত ও নেপাল থেকে গড়ে প্রতিদিন দুইশ’র অধিক ট্রাকভর্তি পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। অনির্দিষ্টকালের এই ধর্মঘটে স্থলবন্দরে কোনো কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন পরিবহনসহ অন্যান্য শ্রমিকরা। এতে বেশি দুর্ভোগে পড়েছেন স্থলবন্দরে পণ্য উঠানামার কাজে জড়িত শ্রমিকরা। জেলা শহরের কুলি শ্রমিক তরিকুল ইসলাম বলেন, আমরা সারাদিন পণ্য ওঠা-নামার আয় দিয়ে সংসার চালাই।  সকাল থেকে বসে আছি। সবরকম পরিবহন বন্ধ। আমাদের কাজ বন্ধ। এক টাকাও আয় নেই। এভাবে চললে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হব। এ বিষয়ে বাংলাবান্ধা স্থল বন্দরের আমদানিকারক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খোদা মিলন বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো গাড়ি স্থলবন্দর ছেড়ে যেতে পারেনি। তবে ভারত ও নেপাল থেকে পণ্য আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দর থেকে বেরিয়ে যেতে পারে নি কোনো পণ্যই। পরিবহন ধর্মঘটের ফলে বন্দর শ্রমিকদের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে ধর্মঘটকারীদের পক্ষ থেকে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন বাস চালককে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের এই আন্দোলনের যৌক্তিকতা তোলে ধরে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে।
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়