ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

প্রকাশিত: ১১:৩৭, ৩ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৯

জামিনে মুক্ত মিন্নি

আইনিউজ ডেস্ক: স্বামীর হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকী মিন্নি জামিনে মুক্ত হয়েছেন। পুলিশের হাতে গ্রেফতারের ৪৮ দিন পর ছাড়া পেলেন তিনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর মিন্নিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এসময় তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরসহ মিন্নির পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে উচ্চাদলত থেকে মিন্নির জামিন মঞ্জুরের আদেশ বরগুনা জ্যেষ্ঠ বিচারিক আদালতে পৌঁছায়। এরপর মিন্নির পক্ষে মিসকেস দাখিল করেন আইনজীবী মাহবুবুল বারি আসলাম।

পরে বিকেল সাড়ে ৩টায় আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির বাবার জিম্মায় জামিন নামায় বেলবন্ড দেন। ৪টা নাগাদ বেলবন্ড বরগুনা জেলা কারাগারে পৌঁছায়।

কারাগারের প্রকিয়া শেষে বিকেল সাড়ে ৪টার কিছু পরে মিন্নিকে কারামুক্ত করে বাবা মোজাম্মেল হোসেন কিশোরে জিম্মায় দেওয়া হয়। জেলগেটে থাকা একটি অ্যাম্বুলেন্সে মিন্নিকে বাড়িতে নিয়ে আসা হয়। এসময় মিন্নির বাড়িতে ছিল স্বজনদের ভিড়।

এর আগে, নিম্ন আদালতে দুইবার জামিন আবেদন করেও প্রত্যাখ্যাত হন মিন্নি। ২১ জুলাই প্রথমবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সে আবেদন মঞ্জুর না করলে ৩০ জুলাই ফের তার জামিন আবেদন করা হয় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামানের আদালতে। তবে এই আদালতও মিন্নির জামিন নাকচ করে দেন।

নিম্ন আদালতে প্রত্যাখ্যাত হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও লাভ হয়নি শুরুতে। গত ৫ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন করেন মিন্নি। আদালত সে আবেদনের শুনানি নিয়ে রুল দিতে চাইলে মিন্নির আইনজীবীরা রুল নিতে অস্বীকৃতি জানিয়ে আবেদন ফেরত চান। পরে আদালত আবেদন ফেরত দিলে মিন্নির আইনজীবীরা ১৮ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেন।

একাধিক দিন শুনানি নিয়ে হাইকোর্টের এই বেঞ্চ গত ২৯ আগস্ট মিন্নিকে জামিন দেন। তবে জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবা মোজাম্মেল হকের জিম্মায় থাকবেন এবং এছাড়া মিন্নি কোনো গণমাধ্যমে কথা বলতে পারবেন না— জামিনের সঙ্গে এই দুই শর্ত জুড়ে দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ এই জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করলেও চেম্বার আদালত জামিন আদেশই বহাল রাখেন। ফলে মিন্নির জামিনে মুক্ত হওয়ার পথ সুগম হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়