ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ২৯ অক্টোবর ২০২১

টিকে থাকার ম্যাচে ফিল্ডিং নিলেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচ হারের পর জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। আজ উভয় দলেরই আসরে টিকে থাকার ম্যাচ। এমন বাঁচা মরার দিনে মুখোমুখি হয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

শারজায় নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন দুই দল। এবারের আসরের সুপার টুয়েলভে এখনও জয়হীন দুদলই। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হওয়া খেলাটি সরাসরি দেখাবে জিটিভি ও টি স্পোর্টস।

ঘুরে দাঁড়ানোর শেষ ভরসার ম্যাচে আজ একাদশে দুইটি করে পরিবর্তন এনেছে দুদল। বাংলাদেশ একাদশে ইংলিশদের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা নাসুম আহমেদের বদলি হিসেবে খেলবেন পেসার তাসকিন আহমেদ। চোটে বাদ পড়া নুরুল হাসান সোহানের পরিবর্তে খেলছেন সৌম্য সরকার। ওপেনিংয়ে টানা ব্যর্থ হলেও লিটন দাসের প্রতি এখনো আস্থা হারাচ্ছে না বোর্ড। ক্যারিবিয়ানদের ওপেনে দেখা যাবে ক্রিস গেইলকে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত মোট ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছে টাইগাররা। এর মধ্যে ছয়টিতে হারের বিপরীতে জিতেছে পাঁচটিতে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে দুইবারের দেখায় একটি করে জয়-পরাজয়।

বিশ্বকাপের শুরুটা বাজে হলেও টানা দুই জয়ে সুপার টুয়েলভে উঠেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের মূলপর্বে এখনও হতশ্রী টাইগাররা। বোলার, ফিল্ডার ও ব্যাটাসম্যানের দায়িত্বহীনতায় ইতোমধ্যে এই পর্বের দুটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসরে টিকে থাকার ম্যাচ। একই অবস্থায় আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাও।

বাংলাদেশের একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: লেন্ডল সিমন্স, এভিন লুইস, ক্রিস গেইল, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড (অধিনায়ক), শিমরন হ্যাটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডুয়াইন ব্রাভো, আখিল হোসাইন এবং রবি রামপল।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়