ঢাকা, রোববার   ২৪ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩৩

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৪:৩০, ২৪ মে ২০২৬

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ক্লাস আগামী ২ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সব অধিভুক্ত কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ৭ জুনের আগে কোনো ক্লাস পরিচালনার সুযোগ থাকছে না।

এর আগে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় বলা হয়েছিল, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২ জুন থেকে শুরু হবে। তবে ঘোষিত ছুটির সময়সূচির কারণে নির্ধারিত দিনে ক্লাস শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

যদিও ছুটির সময় শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে, তবুও সরকারি ছুটির দিন ছাড়া কলেজ অফিসের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ, ভর্তি ফি জমা এবং কলেজ কর্তৃপক্ষের ভর্তি নিশ্চয়ন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে বলা হয়েছে।

সম্প্রতি অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর থেকেই নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে শেরপুর সরকারি কলেজ এর গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অনার্স ভর্তি কমিটির সদস্য শামছুল হুদা চৌধুরী জানান, যেহেতু ২ জুন কলেজ ছুটির মধ্যে পড়েছে, তাই তাদের কলেজে ৭ জুন থেকেই অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু করা হবে।

পার্শ্ববর্তী আরও কয়েকটি কলেজের নোটিশ পর্যালোচনা করেও জানা গেছে, অধিকাংশ কলেজই ঈদের ছুটি শেষে ৭ জুন থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়