ঢাকা, শনিবার ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ৯ ১৪৩৩

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৮, ২৪ জুলাই ২০২৬

হাসিনা দেশটারে লুটিয়া খাইছে, লুটের টাকা ফেরত আনা খুব কঠিন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ৭৪ হাজার কোটি টাকার সম্পদ ও নগদ অর্থ শনাক্ত করেছে। তবে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন।

তিনি বলেন, “হাসিনা দেশটারে লুটিয়া খাইছে। লুটের টাকা ফেরত আনা খুবই কঠিন। ১১টি দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি করা হয়েছে, কিন্তু বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়।”

সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ শরিফুজ্জামান চৌধুরী তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ড. হাসনাত এম হোসেইন এমবিই, বিবিসিআইর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখত ফারুক, সাইদুর রহমান রেনু, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ অদুদ আলম অদুদ ও দেলোয়ার হোসেন আহাদ।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন
এম নাসের রহমান বলেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ রয়েছে। তিনি দাবি করেন, একজন ব্যক্তিরই যুক্তরাজ্যে ৩৩৪টি বাড়ি রয়েছে, এছাড়া দুবাইসহ আরও বিভিন্ন দেশে সম্পদ রয়েছে। এসব অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনা দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

মৌলভীবাজার উন্নয়নে অগ্রাধিকার
মৌলভীবাজার জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে সদর, রাজনগর ও কুলাউড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণে।

তিনি জানান, গ্রামীণ এলাকায় বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহে ২০ থেকে ২৫ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘হাসপাতাল নিজেই অসুস্থ’
জেলার স্বাস্থ্যখাতের কঠোর সমালোচনা করে এম নাসের রহমান বলেন, “হাসপাতাল নিজেই অসুস্থ। দায়িত্বে থাকা অনেকের চিন্তা শুধু কীভাবে টাকা লুট করা যায়।”

তিনি অভিযোগ করেন, মৌলভীবাজার সদর হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা দীর্ঘ ১২ বছর ধরে একই পদে থেকে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি।

১৫ হাজার টাকায় চালু হলো জেনারেটর
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, নতুন জেনারেটরের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হলেও পরে দেখা যায় মাত্র ১৫ হাজার টাকার যন্ত্রাংশ পরিবর্তন করলেই পুরোনো জেনারেটর সচল করা সম্ভব।

তার ভাষায়, “৩০ লাখ টাকা চাওয়া হলো, অথচ ১৫ হাজার টাকায় জেনারেটর চালু হয়ে গেল। এটাই শুধু রাজনগরের নয়, অনেক হাসপাতালের একই চিত্র।”

মেডিকেল কলেজ ও বিমানবন্দর চালুর পরিকল্পনা
মৌলভীবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB) অর্থায়নে আগ্রহী বলে জানান এম নাসের রহমান। তিনি বলেন, ব্যাংকটির প্রতিনিধিরা ইতোমধ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন।

এছাড়া শমশেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, বিমানবন্দরটি চালু হলে পর্যটন ও প্রবাসীদের যাতায়াতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। সেখানে রানওয়ে ও পর্যাপ্ত জমি রয়েছে, শুধু টার্মিনাল ভবন নির্মাণ প্রয়োজন।

রেল যোগাযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান
মৌলভীবাজারের জন্য একটি ডেডিকেটেড ননস্টপ ট্রেন চালুর দাবি জানিয়ে তিনি বলেন, জেলার যাত্রীদের জন্য একটি পূর্ণাঙ্গ এসি কোচ বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এছাড়া এম সাইফুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের কার্যক্রম অস্থায়ীভাবে ভাড়া করা ভবনে শুরু করে পরে গিয়াসনগরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বাইপাস সড়ক ও অবকাঠামো উন্নয়ন
তিনি জানান, শিগগিরই শ্রীমঙ্গল ও মৌলভীবাজার-রাজনগর বাইপাস সড়কের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। শ্রীমঙ্গল বাইপাস প্রকল্পের ব্যয় অস্বাভাবিক বেশি ধরা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের বিরুদ্ধে অভিযোগ
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বড় প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন এম নাসের রহমান। তিনি দাবি করেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, “হাসিনা দেশটারে লুটিয়া খাইছে। সবাই দেখেছে, কিন্তু তার কোনো লজ্জা-শরম নেই।”

কৃতজ্ঞতা প্রকাশ
অনুষ্ঠানের শেষে এম নাসের রহমান বলেন, নির্বাচনের সময় যুক্তরাজ্যপ্রবাসী মৌলভীবাজারবাসী যেভাবে সহযোগিতা করেছেন, সে জন্য তিনি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তিনি আশ্বাস দেন, “ইনশাআল্লাহ, এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, সবই করা হবে।”

অনুষ্ঠানে এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের এবং তাঁদের দুই কন্যাও উপস্থিত ছিলেন।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়