ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩৩

আজিজুল আম্বিয়া, লন্ডন

প্রকাশিত: ২৩:৪৮, ২ জুন ২০২৬

লন্ডনে বাংলা ভাষা ও কবিতা আবৃত্তির সৃজনশীল শিক্ষার কর্মশালা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত মাইক্রো বিজনেস সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘হরাইজন ২০২৫’, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে নিবেদিত একটি দিনব্যাপী কর্মশালা। কর্মশালার প্রতিষ্ঠাতা ও আয়োজক ছিলেন এরিনা সিদ্দিকী সুপ্রভা।

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল বাংলা কবিতা আবৃত্তির মাধ্যমে সৃজনশীল শিক্ষা এবং বাংলা ভাষার গভীরতর অন্বেষণ। অনুষ্ঠানে শিশুদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে নানা শিক্ষামূলক ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট পারফর্মিং আর্টস কর্মী উদয় শঙ্কর দাস। এছাড়া মিডিয়া শিল্পী মেসবাহ জামাল এবং আয়োজক এরিনা সিদ্দিকী সুপ্রভা অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাগীর বখত ফারুক। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা ও ইসমাইল হোসেন। এছাড়াও সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল আম্বিয়া, আনোয়ার খান এবং ড. মাশহুক।

এবারের কর্মশালায় ২০ জন শিশু এবং ১৫ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজক এরিনা সিদ্দিকী সুপ্রভা বলেন, “প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই ‘হরাইজন ২০২৫’-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

অংশগ্রহণকারী ও অতিথিরা মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের ক্ষেত্রে ‘হরাইজন ২০২৫’ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। কর্মশালাটি উপস্থিত সবার কাছ থেকে ব্যাপক সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়