ঢাকা, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ১৬ জুলাই ২০২৬

মৌলভীবাজারে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিন্জি বসতি এলাকায় সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানার যৌথ উদ্যোগে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে কৃষিকাজের আওতায় আনা প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ উপস্থিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন এবং উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন। বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি কমলগঞ্জ থানার পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে সেখানে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান গড়ে তোলে এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ চালিয়ে আসছিল। যৌথ অভিযানে এসব অবৈধ চাষাবাদ সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয় এবং দখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বাঁশ ও পলিথিনের শেড এবং একটি ওয়াচার শেড গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুরের পাড় কেটে জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ পুনঃস্থাপন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি অবৈধ দখলমুক্ত করে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর আবাসস্থল এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। ভবিষ্যতে যাতে নতুন করে কেউ বনভূমি দখল করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি আরও জোরদার করা হবে।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, উদ্ধার হওয়া বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী পি.ও.আর. (POR) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বনভূমি দখল ও ধ্বংসের বিরুদ্ধে ভবিষ্যতেও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, দখলমুক্ত হওয়া এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বনায়ন করা হবে।

পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করার এ ধরনের উদ্যোগ বন সংরক্ষণ, জলাধার রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে অবৈধ দখলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়