ঢাকা, বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬,   শ্রাবণ ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৯, ১৬ জুলাই ২০২৬

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কুলাউড়ায় শিশুসহ ছয় বাংলাদেশি আটক

এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুকে বাদ দিয়ে পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় দালালদের সহায়তায় উপজেলার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর প্রধান সীমান্ত পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে শিশুসহ ছয়জনকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে একই দিন রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে মামলার আওতার বাইরে রেখে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান, বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়