ঢাকা, বুধবার ১৫ জুলাই ২০২৬,   আষাঢ় ৩১ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১৫ জুলাই ২০২৬

সিলেটে ব্যবসায়ী হত্যার ৭২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে আটক

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

র‍্যাব-৯ জানায়, নিহত আলী হোসেন (৩৮) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিবিরাই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা প্রায়ই তার দোকান থেকে নগদ ও বাকিতে বিভিন্ন পণ্য ক্রয় করতেন।

তদন্তে জানা যায়, ঘটনার সাত দিন আগে অভিযুক্ত শাহীনুর ইসলাম নিহতের দোকান থেকে বাকিতে ৬ হাজার টাকার ডিজেল ক্রয় করেন। গত ১১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি পুনরায় ডিজেল কিনতে দোকানে গেলে আলী হোসেন আগের বাকি টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

একপর্যায়ে তার ডাকে অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে এসে আলী হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) সকালে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় অভিযান চালিয়ে আইনুল ইসলাম (২২) এবং পরে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান পরিচালনা করে শাহীনুর ইসলামকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুই আসামিই বিয়ানীবাজার উপজেলার বিবিরাই গ্রামের বাসিন্দা এবং তারা সহোদর ভাই।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৪, তারিখ ১২ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুই আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়