বদরুল মনসুর
মৌলভীবাজারের কাবিদ ব্রিটেনের পন্টিপ্রিড শহরের মেয়র নির্বাচিত
গণতন্ত্রের অন্যতম পথিকৃৎ এবং বহুসাংস্কৃতিক রাষ্ট্র ব্রিটেনের সাউথ ওয়েলসের পন্টিপ্রিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান আমিনুর রহমান কাবিদ। পন্টিপ্রিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই সাফল্যে বিশ্বজুড়ে মৌলভীবাজারবাসী ও গ্রেটার সিলেটের প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ সংগঠনের নেতারা এক শুভেচ্ছা বার্তায় আমিনুর রহমান কাবিদকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপূর্ণ মেয়াদকাল সফল ও গৌরবময় হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, “আগামী এক বছরে আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পন্টিপ্রিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, পন্টিপ্রিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করতে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পন্টিপ্রিড সাউথ ইস্ট শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্কুল গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া পন্টিপ্রিড ফুডব্যাংক, রয়্যাল ব্রিটিশ লিজিয়ন পন্টিপ্রিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার পুত্র আমিনুর রহমান কাবিদ ছাত্রজীবন থেকেই নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘আল মদিনা ক্লথ স্টোর’ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
যুক্তরাজ্যে অভিবাসনের পরও তিনি কমিউনিটি সেবা ও ব্রিটিশ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘদিন ধরে ওয়েলসের পন্টিপ্রিডের ট্রিফরেস্ট ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে তিনি দক্ষতা, সততা ও জনসম্পৃক্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন। তাঁর এই অর্জন শুধু মৌলভীবাজার বা সিলেট অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























