ঢাকা, শনিবার ১৮ জুলাই ২০২৬,   শ্রাবণ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ১৮ জুলাই ২০২৬
আপডেট: ১৮:০৩, ১৮ জুলাই ২০২৬

মাতৃভাষার শুদ্ধ উচ্চারণে নতুন প্রজন্মকে গড়ে তুলছে ‘শব্দশৈলী’

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

একটি ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। সেই মাতৃভাষাকে শুদ্ধভাবে চর্চা ও নতুন প্রজন্মের মধ্যে ভাষার সৌন্দর্য ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শব্দশৈলী’। ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি’ এই স্লোগানকে ধারণ করে পথচলা প্রতিষ্ঠানটি উদযাপন করেছে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত আবহ তৈরি হয়। শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, অতিথি শিল্পীদের শ্রুতিনাটক এবং গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক মিলনমেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবীর এবং সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ। বক্তারা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শিশু-কিশোরদের শুদ্ধ ভাষাচর্চা ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে শব্দশৈলীর উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শব্দশৈলীর শিক্ষার্থীদের পরিবেশিত কবিতা আবৃত্তি। তাদের সাবলীল উচ্চারণ, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং ভাষার প্রতি ভালোবাসা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বাচিকশিল্পী দেবাশীষ চৌধুরী রাজা ও জলি পালের পরিবেশিত শ্রুতিনাটক এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর কবিতা আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

এ সময় বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশকে সংবর্ধনা প্রদান করা হয়।

শব্দশৈলী শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাশ বাপ্পন বলেন, “শব্দশৈলীর মূল প্রতিপাদ্য হলো ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি’। দুই বছরের এই পথচলায় আমরা শুধু আবৃত্তি শেখাই না, বরং শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ, আত্মবিশ্বাস, শুদ্ধ উচ্চারণ ও সংস্কৃতিচর্চার মাধ্যমে একজন সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।”

প্রতিষ্ঠার মাত্র দুই বছরেই শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে শব্দশৈলী। ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এবং নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলা চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমন প্রত্যাশা উপস্থিত সবার।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়