রাজশাহী প্রতিনিধি
ছাত্রদল নেতাদের বিরুদ্ধে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
ছবি: ভিডিও থেকে নেওয়া।
রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে যুবদলের এক নেতাকে মারধর করে গুরুতর আহত এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (গতকাল) রাত ১০টার দিকে উপজেলার গোয়ালকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আহত আসাদুল ইসলাম (৩৮) গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য। তিনি কেবল টেলিভিশন ও ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে জড়িত। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে অভিযুক্তরা হলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামির কুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম। তাঁরা সবাই গোয়ালকান্দি ইউনিয়নের বাসিন্দা।
আসাদুল ইসলামের অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পারভেজ রানার নেতৃত্বে চার থেকে পাঁচজন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। কেবল ব্যবসা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা লাঠি ও রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়। এ সময় পাশের এক তরুণ মোবাইল ফোনে ঘটনাটি ফেসবুক লাইভে প্রচার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে আসাদুল ইসলাম দাবি করেন, পারভেজ রানার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা পারভেজ রানা। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আসাদুল ইসলাম এক নারীর ডিশ ব্যবসা দখল করে নেন। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার রাতে ওই নারী বিষয়টির নিষ্পত্তির জন্য তাঁকে, সুমন ও শাহীনকে সঙ্গে নিয়ে আসাদুল ইসলামের প্রতিষ্ঠানে যান। সেখানে আলোচনার সময় সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে আসাদুল ইসলাম নিজেই তাঁর ছেলেকে দিয়ে ফেসবুক লাইভ করে ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করেছেন বলে দাবি করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ভাঙচুরের আলামত পাওয়া গেছে। এছাড়া আহত ব্যক্তির শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইএন/এসএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024























