ঢাকা, বুধবার   ০৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩৩

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ২ জুন ২০২৬

নৌকাডুবিতে খালা-ভাগনির মৃত্যু, পরিবারের পাশে ইউএনও

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলহরি গ্রামের নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় খালা ও ভাগনির মৃত্যুর পর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, কলহরি গ্রামের বাসিন্দা মো. হোসাইন মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৩১ মে তার শ্বশুরবাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামে বেড়াতে যান। ১ জুন পরিবারের সদস্যদের নিয়ে তিনি চিকন বিলে নৌকা ভ্রমণে বের হন। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে বিলের মাঝপথে ডিঙি নৌকাটি ডুবে যায়।

এ ঘটনায় কলহরি গ্রামের আবু তাহেরের ৮ বছর বয়সী মেয়ে নুসরাত এবং তাহেরের বোন জামিলা খাতুন (৩০) পানিতে ডুবে মারা যান। নৌকায় থাকা অপর তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামিলা, নুসরাত ও মিম পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত ও জামিলাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউটিন, ৬ হাজার টাকার অনুদানের চেক এবং শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, গালগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও মো. আমিনুল ইসলাম বলেন, “এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।”

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়