ঢাকা, মঙ্গলবার ২১ জুলাই ২০২৬,   শ্রাবণ ৬ ১৪৩৩

প্রকাশিত: ২২:৫১, ২০ জুলাই ২০২৬
আপডেট: ২২:৫২, ২০ জুলাই ২০২৬

২০ বছর ধরে মসজিদের পুকুর দখলের অভিযোগ, সুবর্ণচরে মানববন্ধন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে প্রায় ২০ বছর ধরে একটি মসজিদের পুকুর জোরপূর্বক দখলে রাখার অভিযোগে মানববন্ধন করেছেন মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা। তারা পুকুরটি দখলমুক্ত করে মসজিদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের চান্দু মার্কেটে অবস্থিত মঞ্জু চেয়ারম্যান জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম চেয়ারম্যানের ভাগ্নে জামাই এবং পূর্ব চরবাটা ইউনিয়নের সাবেক সচিব আনোয়ার হোসেন হেলাল প্রভাব খাটিয়ে মসজিদের পুকুরটি দখল করেন।

তাদের দাবি, দখলের পর আনোয়ার হোসেন হেলাল পুকুরটি শের আলী নামে এক ব্যক্তির কাছে লিজ দেন। এরপর শের আলী ও তার সহযোগী সোহাগ দীর্ঘদিন ধরে সেখানে মাছ চাষ করে আসছেন। মাছের খাদ্য ও বিভিন্ন রাসায়নিক ব্যবহারের কারণে মসজিদের মুসল্লিরা পুকুরের পানি অজু বা গোসলের কাজে ব্যবহার করতে পারেননি বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাননি। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে মসজিদ পরিচালনা কমিটি পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নানা ধরনের হয়রানির অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তারা আনোয়ার হোসেন হেলাল, শের আলী ও সোহাগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের পুকুরটি দ্রুত দখলমুক্ত করে মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন, ক্যাশিয়ার ইউছুপ জামাল, ইমাম আব্দুল আলিম, স্থানীয় বাসিন্দা মো. নোমানসহ অন্যান্যরা।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ