ঢাকা, মঙ্গলবার ২১ জুলাই ২০২৬,   শ্রাবণ ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২০ জুলাই ২০২৬

হামহামে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার, আহত এক শিক্ষার্থী

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র্মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। এ সময় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। দুর্গম পাহাড়ি পথে চলার সময় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম ও পিচ্ছিল পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকি নয়জন পর্যটক সুস্থ রয়েছেন। পরে চিকিৎসা শেষে সবাই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমরা ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত পর্যটকের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।”

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম বলেন, “যৌথ উদ্যোগে ১০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত ছিলেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।”

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, “হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও বর্ষাকালে পিচ্ছিল হয়ে যায়। তাই পর্যটকদের অবশ্যই সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নেওয়া উচিত।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথে পাথর ও পাহাড়ি ছড়া অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ কারণে পর্যটকদের দলবদ্ধভাবে চলাচল, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ