ঢাকা, রোববার ১৯ জুলাই ২০২৬,   শ্রাবণ ৩ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ১৮ জুলাই ২০২৬

বাহুবলে জেরিন হত্যা: ৩ মাস পর চালক গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

হবিগঞ্জের বাহুবলে পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেরিন আক্তার লিজা (২৬) নিহতের ঘটনায় দীর্ঘ তিন মাস পর পলাতক পিকআপচালককে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া আসামি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ইরফান মিয়া (২০)। তিনি মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি।

র‍্যাব জানায়, নিহত জেরিন আক্তার লিজা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দারাগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে তিনি তার মেয়ে জান্নাতুল আরফাকে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক দিয়ে দারাগাঁও থেকে মিরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাহুবল উপজেলার বড়গাঁও শাহী জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে জেরিন আক্তার ও তার মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বাহুবল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুলাই রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-৯-এর সিপিসি-২, মৌলভীবাজার এবং র‍্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ দল মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি ইরফান মিয়াকে গ্রেফতার করে।

র‍্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়