ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   ভাদ্র ১ ১৪৩৩

বিকাশ বিশ্বাস, শ্রীমঙ্গল

প্রকাশিত: ২০:১৩, ১৮ জুলাই ২০২৬

ভুরভুরিয়া ছড়ায় অবৈধ বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি এবং শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শহরের জালালিয়া রোডের আব্দুল করিমের ছেলে অলি মিয়াকে (২৭) হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এবং ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক হওয়ায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল। এছাড়া মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়