ঢাকা, সোমবার ২০ জুলাই ২০২৬,   শ্রাবণ ৫ ১৪৩৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৬, ১৯ জুলাই ২০২৬

রাজশাহীতে পরীক্ষায় বসতে পারলেন না ৬ শিক্ষার্থী

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

রাজশাহীর বাগমারায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা। রোববার দুপুরে হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে শিক্ষার্থীদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা উপজেলার হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। রোববার বেলা ২টায় অনুষ্ঠিত স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় শিক্ষার্থী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে বসন্তপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক গোলাম হোসেন এবং শিক্ষার্থী আম্বিয়া খাতুন, ইসমত আরা, ইসরাত জাহান, নাসরিন আক্তার, জান্নাতুন খাতুন ও ইকবাল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহত এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, কলেজ কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না। আগে মাত্র তিন কিলোমিটার দূরের মচমইল ডিগ্রি কলেজে পরীক্ষাকেন্দ্র ছিল। কিন্তু এবার প্রায় ১৫ কিলোমিটার দূরের ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্র নির্ধারণ করায় শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।

এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র মচমইল হলেও ডিগ্রি পরীক্ষার কেন্দ্র হিসেবে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহত শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে বিশেষ আবেদন করা হবে।

তিনি আরও জানান, বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন। প্রাথমিকভাবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে এবং পরে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়