ঢাকা, শনিবার ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ২৫ জুলাই ২০২৬

চা শ্রমিককে মারধরের অভিযোগে চা বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শনিবার (২৫ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার সকালে জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বাগানের দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি জাগছড়া চা বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ধরনের ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শ্রমিকদের ওপর যেন কোনো ধরনের হামলা বা হয়রানি না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, স্থানীয় ইউপি সদস্য মিঠুন সিং রাওতিয়া এবং জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ শ্রমিক নেতারা।

এদিকে ভুক্তভোগী শ্রমিকের পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ জুন রাতে জাগছড়া চা বাগানে শ্রমিক বিরবল প্রজাপতিকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, "এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।"

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়