ঢাকা, বুধবার ২২ জুলাই ২০২৬,   শ্রাবণ ৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২২ জুলাই ২০২৬

অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

র‍্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর যৌথ অভিযানে সিলেট থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জয় দাস (২৩)কে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানার করেরপাড়া এলাকার বাসিন্দা এবং করেরপাড়া সিটি মডেল স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, স্কুলে যাতায়াতের পথে জয় দাস প্রায়ই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। শিক্ষার্থী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে ভিকটিমের বাবা এ বিষয়ে জয় দাসের বোনের স্বামী রিংকু দাসকে অবহিত করলে তিনি আশ্বাস দেন যে, জয় আর শিক্ষার্থীকে বিরক্ত করবে না।

গত (১৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে ভিকটিম হাওলাদারপাড়ায় তার মাসির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ভিকটিমের মাসির সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি সেখানে পৌঁছাননি।

পরবর্তীতে স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে পরিবার জানতে পারে, করেরপাড়া পয়েন্ট এলাকায় হাঁটার সময় জয় দাস ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন জোরপূর্বক ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট এবং এসএমপির একটি যৌথ আভিযানিক দল গত ২১ জুলাই দুপুর সাড়ে ১টার দিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি জয় দাসকে গ্রেফতার করা হয় এবং অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জয় দাস নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। অভিযান শেষে তাকে এবং উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়