ঢাকা, বুধবার ২২ জুলাই ২০২৬,   শ্রাবণ ৬ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ২১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে প্রায় ১৮ ফুট লম্বা ও ৩৫ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্যরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩২ থেকে ৩৫ কেজি।
উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে অজগর সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়