ঢাকা, শনিবার ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ৯ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ২৪ জুলাই ২০২৬

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিতকরণ এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শ্রমিকরা এক ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।

কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার চরম অসামঞ্জস্যপূর্ণ ও অমানবিক। প্রতি বছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি শ্রমিকদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে একটি পরিবারের ন্যূনতম জীবনযাপনও সম্ভব নয়। তাই সম্মানজনক জীবন নিশ্চিত করতে দৈনিক ৫০০ টাকা মজুরি এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, প্রায় ২০০ বছর ধরে এ ভূখণ্ডে বসবাস করলেও চা-শ্রমিকরা এখনও ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় তারা বিভিন্ন নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চা-শ্রমিকদের ভূমির মালিকানা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সমাবেশে প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, “চা-শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর অন্যতম চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরিতে কাজ করছেন। দৈনিক ৫০০ টাকা মজুরি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সংগ্রামের মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব। মজুরি বৃদ্ধি ও ১০ দফা দাবি আদায়ে প্রতিটি চা-বাগানে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।”

সমাবেশ শেষে চা-শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিটি চা-বাগানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়