ঢাকা, শনিবার ২৫ জুলাই ২০২৬,   শ্রাবণ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ২৪ জুলাই ২০২৬

জুয়ার টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ায় পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে তা আড়াল করতে এক সিএনজি অটোরিকশাচালক ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজেই ধারালো বস্তু দিয়ে নিজের শরীরে একাধিক আঘাত করেন। তবে রাজনগর থানা পুলিশের নিবিড় তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজনগর থানার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া (২৬) দাবি করেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল ও ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে ভুক্তভোগীর সঙ্গে কথা বললে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে গ্রামের পরিচিত ব্যক্তি ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সুজন দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত।

এদিকে তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। তদন্তে পুলিশের কাছে প্রতীয়মান হয়, আঘাতগুলো ব্লেড বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে তিনি নিজেই করেছেন।

নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজন মিয়া স্বীকার করেন, তিনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে ফেলেন। বিষয়টি গোপন করতে তিনি পরিকল্পিতভাবে ছিনতাইয়ের একটি নাটক সাজান।

পুলিশের তথ্যমতে, ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি একটি নেইল কাটারের ছোট ছুরি ব্যবহার করে নিজের শরীরে একাধিক আঘাত করেন। পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকেই এক বন্ধুকে জানিয়ে রাখেন যে, তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন। স্থানীয় লোকজন তার বন্ধুকে ফোন করলে তিনি এসে উদ্ধার করার অভিনয় করবেন।

পরিকল্পনা অনুযায়ী, তার বন্ধু মেদিনীমহল এলাকার এক আত্মীয়ের বাড়িতে অপেক্ষা করছিলেন। স্থানীয়দের ফোন পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাজনগর থানা পুলিশ জানায়, “নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। এটি একটি সাজানো ছিনতাইয়ের নাটক বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়