দেশ ঋণে জর্জরিত, অর্থনীতি পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ
ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এম নাসের রহমান বলেছেন, দীর্ঘদিনের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশকে নজিরবিহীন ঋণের বোঝায় ফেলেছে এবং অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি থেকে দেশকে পুনরুদ্ধার করাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন সদস্য সচিব খসরুজ্জমান খসরুসহ যুক্তরাজ্য বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভার শুরুতে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমানকে বরণ করে নেন।
বক্তব্যের শুরুতে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে এম নাসের রহমান বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর কঠিন সময় পার করার পর বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে। তবে দায়িত্ব নেওয়ার পর দেশের প্রকৃত আর্থিক চিত্র অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, "দেশ এখন বিশাল ঋণের বোঝায় জর্জরিত। আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থপাচারের উদাহরণ হিসেবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট মার্কোসের নাম বলা হতো। কিন্তু শেখ হাসিনা ২৩০ বিলিয়ন ডলার নিয়ে গেছে।"
তিনি আরও বলেন, "এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আমাদের নেতৃত্বের ওপর এসেছে। এটি অত্যন্ত কঠিন কাজ। প্রথম বছর খুব কঠিন যাবে, দ্বিতীয় বছরও চ্যালেঞ্জ থাকবে। এরপর তৃতীয় বছর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে, ইনশাআল্লাহ। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এম নাসের রহমান বলেন, "মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট করে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।"
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সরকার সবসময় গ্রামীণ রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কের অবস্থা অত্যন্ত নাজুক এবং দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হয়নি।
তিনি বলেন, "পাঁচ কিলোমিটার পথ যেতে যেখানে ১০ মিনিট লাগার কথা, সেখানে ভাঙাচোরা সড়কের কারণে আধা ঘণ্টা সময় লাগে।"
এম নাসের রহমান জানান, চলতি বাজেটে গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একজন সংসদ সদস্য হিসেবে ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলে প্রতিবছর প্রায় ১০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ এবং ২০০ কিলোমিটারের বেশি সড়ক সংস্কার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, "২০০৬ সালে বিএনপি সরকারের সময় মৌলভীবাজারের অধিকাংশ গ্রামীণ সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রয়োজন রক্ষণাবেক্ষণ এবং মানুষের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা।"
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এম নাসের রহমান বলেন, তাঁর লক্ষ্য শমসেরনগর বিমানবন্দর চালু করা, মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা এবং মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।
তিনি বলেন, "শমসেরনগর বিমানবন্দর চালু হলে পর্যটন, প্রবাসী বাংলাদেশি, গ্রেটার মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিমানবন্দরটির রানওয়ে ইতোমধ্যে রয়েছে। শুধু রানওয়ের উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করলেই এটি চালু করা সম্ভব।"
উল্লেখ্য, এম নাসের রহমানের বক্তব্যে শেখ হাসিনার বিরুদ্ধে '২৩০ বিলিয়ন ডলার নিয়ে যাওয়ার' যে দাবি করা হয়েছে, তা তাঁর ব্যক্তিগত রাজনৈতিক বক্তব্য। এই দাবির পক্ষে তিনি সভায় কোনো প্রমাণ বা তথ্য-উপাত্ত উপস্থাপন করেননি।
ইএন/এসএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa





















