ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৩, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৩:০২, ২৮ মার্চ ২০২১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে নেই তামিম-মুশফিক

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জেতার পর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তবে সেজন্য তারা পাচ্ছেন না তামিম ইকবাল ও হাসান মাহমুদকে। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তামিম, পিঠের চোটের কারণে খেলা হচ্ছে না পেইসার হাসানের।

প্রথম ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকেও। তৃতীয় ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক।

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে দুজন ক্রিকেটারের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছেন পেইসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তামিমের বদলে খেলছেন নাইম শেখ। মুশফিকের বদলে খেলছেন আফিফ হোসেন, একাদশে জায়গা হয়নি ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা তাসকিন আহমেদের, বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজও।

নিউজিল্যান্ড একাদশেও রয়েছেন দুই অভিষিক্ত ক্রিকেটার। এই ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে ফিন অ্যালেন ও উইল ইয়াংয়ের।

একাদশ

  • বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
  • নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, লকি ফার্গুসন ও হামিশ বেনেট।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়