ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১৯ আগস্ট ২০২৬

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা, ছাড়ছেন না প্রিয় অভিনয়

অভিনেত্রী তমা মির্জা

অভিনেত্রী তমা মির্জা

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর।

তমা মির্জা জানান, অভিনয়ই তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই পেশাগত জীবনে নতুন অভিজ্ঞতা যুক্ত হলেও অভিনয় চালিয়ে যাবেন তিনি।

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সব সময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।’

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তমা। তবে সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে তাকে খুব বেশি ব্যস্ত দেখা যাচ্ছে না। অভিনেত্রী জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন।

নতুন পেশায় যুক্ত হওয়ার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তমা। তার ভাষায়, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

শুধু বড় পর্দায় নয়, ওটিটিতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তমা মির্জা। তার অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’ দর্শকের মধ্যে বেশ আলোচিত হয়েছে।

এদিকে অভিনয়ে নতুন কাজও আসছে তার হাতে। শিগগিরই ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তমা। এতে তার বিপরীতে আবারও দেখা যাবে আফরান নিশোকে।

উল্লেখ্য, এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা মির্জা।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়