ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:২৫, ৯ এপ্রিল ২০২১

নতুন ৩ মুখ নিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিবি

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। 

চোটের কারণে স্কোয়াডে নেই পেসার হাসান মাহমুদ। তাছাড়া আইপিএল খেলতে ভারতে যাওয়ায় এই সিরিজ খেলা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। নেই সৌম্য সরকারও। তবে এর পবিরর্তে স্কোয়াডে রাখা হয়েছে শুভাগতকে। 

৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এবার ৫ বছর পর সাদা পোশাকের ক্রিকেটের জন্য দলে ফিরলেন তিনি।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও সার্বিকভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপর কোনো প্রভাব ফেলবে না এই সিরিজ। তবু দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ সিরিজটি।

এ সফরের জন্য ২১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণার কারণ একটিই করোনার কারণে বাংলাদেশের প্রস্তুতিতে কোনো নেট বোলার সরবরাহ করবে না স্বাগতিক শ্রীলঙ্কা এবং থাকবে না কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও।  

আগামী সোমবার শ্রীলঙ্কা যাওয়ার পর ১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টাইন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ১৭-১৮ এপ্রিল হবে প্রস্তুতি ম্যাচ। যা শেষে ঘোষণা করা হবে মূল স্কোয়াড এবং তারা অনুশীলন করবে আরও দুইদিন।

অনুশীলন শেষে ২১ এপ্রিল শুরু হবে মূল সিরিজের লড়াই। পরে দ্বিতীয় ম্যাচ হবে ২৯ এপ্রিল থেকে। দুইটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়