ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ৫ জুন ২০২৬

টানা তৃতীয় সাফ শিরোপার স্বপ্নে আত্মবিশ্বাসী অধিনায়ক মারিয়া মান্ডা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগের দুটি আসরে শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন মারিয়া মান্ডা। তবে এবার প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড হাতে ফাইনালের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই তারকা মিডফিল্ডার।

ফাইনালের আগে গোয়ার আইটিসি গ্র্যান্ড গোয়া হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন মারিয়া। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের কাছে হারলেও ফাইনালে কোনো বাড়তি চাপ নিতে চান না তিনি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেই হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য বাংলাদেশের অধিনায়কের।

সংবাদ সম্মেলন শেষে ফাইনালের ট্রফি নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক ফটোসেশনেও মারিয়ার চোখেমুখে ছিল দৃঢ় প্রত্যয়ের ছাপ।

সেমিফাইনালে নেপালকে হারানোর পর দলের ইতিবাচক মানসিকতা ও খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলের বর্তমান অবস্থা সম্পর্কে মারিয়া বলেন, “আমাদের দলের সব খেলোয়াড় ফিট আছে। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও আমরা জয় পেয়েছি, যা আমাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক। ফাইনালে ওঠার কারণে দল মানসিকভাবে দারুণ উজ্জীবিত।”

আগের দুটি সাফজয়ী দলের সদস্য হলেও অধিনায়কের দায়িত্বকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না মারিয়া। বরং ইতিহাস গড়ার এই সুযোগকে কাজে লাগাতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, “ক্যাপ্টেন হিসেবে এবং একজন খেলোয়াড় হিসেবে এই সুযোগটাকে কাজে লাগানোর তাগিদ কাজ করছে। টানা তৃতীয়বারের মতো এমন সুযোগ এসেছে, যা সবসময় আসে না। দেশবাসীকে একটি ভালো খেলা উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব।”

বিপক্ষ সমর্থকদের চাপ সামলানোর অভিজ্ঞতার কথাও স্মরণ করেন মারিয়া। তিনি বলেন, “বিগত সাফে আমরা যখন নেপালে খেলেছিলাম, তখনও প্রচুর দর্শক ছিল এবং অনেক চাপ ছিল। আমরা সেই পরিস্থিতি মোকাবিলা করে চ্যাম্পিয়ন হয়েছি। তাই দর্শক বা বাইরের কোনো বিষয় নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি ভারত শক্তিশালী দল, তবে তাদের সঙ্গে লড়াই করার জন্যই প্রস্তুতি নিয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মানসিকতা আমাদের আছে।”

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে এখন পুরো বাংলাদেশ দল উজ্জীবিত। আর সেই স্বপ্ন পূরণে অধিনায়ক মারিয়া মান্ডার নেতৃত্বে আরেকটি ইতিহাস গড়ার অপেক্ষায় দেশের।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়