মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৪৪, ২ সেপ্টেম্বর ২০২১
ফুটপাত দখলমুক্ত করতে মৌলভীবাজার শহরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান
মৌলভীবাজার শহরকে যানজটমুক্ত, পথচারী চলাচলে ফুটপাত দখলমুক্ত, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পৌরএলাকা গড়ে তুলতে বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় সভা করেছে মৌলভীবাজার পৌরসভা। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শহরে ফুটপাত দখল মুক্ত অভিযান শুরু করবে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা বোর্ড রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। এতে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবহন শ্রমিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফজলুল আহমদ, ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন, জাহেদ আহমদ চৌধুরী, বাচ্চু মিয়া, বদরুল ইসলামসহ অন্যান্য প্রতিনিধিগণ।
শহরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যে বক্তব্য
সভায় বক্তরা বলেন- নান্দনিক পরিচ্ছন্ন শহর গড়তে হলে শহরের চৌমোহনা, সাইফুর রহমান রোড, পশ্চিমবাজার, কুসুমবাগ পয়েন্ট ও শ্রীমঙ্গল সড়ককে যানজটমুক্ত করতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। শহরের প্রতিটি সড়কের ফুটপাত দখলমুক্ত করে ভাঙ্গা স্ল্যাব পরিবর্তন করে পথচারী চলাচল উপযোগী স্ল্যাব বসাতে হবে।
বক্তরা বলেন- পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান করতে হবে। ভাসমান ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান করে দিতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে ও বিচ্ছিন্নভাবে ময়লা আবর্জনা ও দোকানে বর্জ্য ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
দোকানের ময়লা আবর্জনা পলিথিন ব্যাগে রাখতে হবে
সভায় পৌর মেয়র ফজলুর রহমান বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করতে পৌর কাউন্সিলরদের নেতৃত্বে ৩টি টিমের মাধ্যমে ৭ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করবে পৌরসভা। আগামী ১ অক্টোবর থেকে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে নিজ দোকানের ময়লা আবর্জনা পলিথিন ব্যাগে রাখতে হবে। এ ব্যাগ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন রাতে নিয়ে যাবে। পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের মধ্যে পলিথিন ব্যাগ বিতরণ করা হবে। ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে কঠোর অবস্থানে যাবে পৌর কর্তৃপক্ষ। এ ব্যাপারে ব্যবসায়ীসহ সকল পৌর নাগরিকের সহযোগীতা চান মেয়র।
পৌরসভার যে পদক্ষেপে পাশে থাকবে জেলা প্রশাসন
অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা বলেন, শহরের সমস্যা আমরা জানি, তা সমাধানে কি করতে হবে তাও উপস্থিত বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। এখন প্রয়োজন যথাযথ উদ্যোগ ও সমন্বয়। তা বাস্তবায়নে বিশেষভাবে ব্যবসায়ী, পরিবহন মালিক শ্রমিকসহ পৌরবাসীর সহযোগীতা প্রয়োজন। এ ব্যাপারে পৌরসভা যে পদক্ষেপ গ্রহণ করবে তা বাস্তবায়নে জেলা প্রশাসন সার্বিক সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তিনি।
যানজটের কারণ ও সমাধানের পথ জানালেন পুলিশ সুপার
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শহরের উল্লেখযোগ্য কয়েকটি স্থানে যানজটের কারণ ও সমাধানের কথা বলেন। শহরে ট্রাফিক সিস্টেমের পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে জেলা পুলিশের পরিকল্পনার কথাও জানান। এগুলো বাস্তবায়ন হলে শহর অনেকটাই যানজটমুক্ত হবে। শীঘ্রই এ বিষয়ে একটি সভা করে কার্যক্রম শুরু করার কথা ভাবছে জেলা পুলিশ। তবে সড়কের পাশে অবস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ব্যবসায়ীদের পৌরবাসীর সুবিধায় আরো সচেতন ও আন্তরিক হওয়ার প্রয়োজন বলে মনে করেন তিনি। শহরে নাগরিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের সার্বিক সহযোগীর আশ্বাস দেন পুলিশ সুপার।
ব্যবসায়ীদের মধ্যে পলিথিন ব্যাগ বিতরণ
সভা শেষে দোকানের ময়লা-অবর্জনা রাখার জন্য ব্যবসায়ীদের মধ্যে পলিথিন ব্যাগ বিতরণ করেন পৌর মেয়র ও অতিথিরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























