ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৮, ৮ জুলাই ২০২৬

মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমিতে অবৈধ পান বাগান উচ্ছেদ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধীন কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ।

সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আনুমানিক এক হাজার পানের চারা উপড়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া। এ সময় কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বনরক্ষী সদস্যরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, দেশের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল এবং পান, লেবু, সুপারিসহ বিভিন্ন অর্থকরী ফসলের চাষের কারণে প্রাকৃতিক বনভূমি ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এসব কর্মকাণ্ডে বনাঞ্চলের প্রাকৃতিক পুনর্জন্ম ব্যাহত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে বন সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে সরকার অবৈধ দখল ও চাষাবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনভূমি দখল প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বনভূমি দখল ও অবৈধ চাষাবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমির একটি অংশ দখল করে সেখানে বাণিজ্যিকভাবে পান চাষ করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর বন আইনের আওতায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলমুক্ত করা হয়।

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, “সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। ঘটনায় বন আইনে একটি পিওআর (POR) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সংরক্ষিত বনভূমিতে কোনো ধরনের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা কৃষি কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারির পাশাপাশি প্রয়োজনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।”

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ