ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৪, ৬ জুলাই ২০২৬

মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবনেতা জাকির হোসেন উজ্জ্বল, সাবেক ছাত্র আবুল কালাম আহমদ, ইউনিটি অব মৌলভীবাজারের সদস্য সচিব মাহবুব ইজদানী ইমরান, সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, রাহেল আহমদ, শামীম আহমেদ, ফারুক আহমদ, জহির আহমেদ, সৈয়দ শিফন আলী, রুবেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এদিকে যুক্তরাজ্য থেকে দেওয়া এক বিবৃতিতে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র, ইউকে বিডি টিভির চেয়ারম্যান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, একজন বয়োজ্যেষ্ঠ নারী ও শিক্ষিকা নিজ শহরে নিজ বাড়িতে এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত ঘৃণ্য ও অমার্জনীয়। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি সাবেক শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় মৌলভীবাজারে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় সচেতন মহল এবং দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসী।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ