ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২১

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে লাশ হলেন তিনজন (ভিডিও)

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬জন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভাটেরা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি মাইক্রোবাস সিলেট থেকে রওয়ানা দেয়। ভাটেরা এলাকায় একটি মাইক্রোবাস রেলক্রসিং পার হলেও অপরটি ট্রেনের সামনে পড়ে যায়। এতে ট্রেনটি মাইক্রোবাসটিকে টেনে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।  

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিতে একই পরিবারের সদস্যরা ছিলেন। এদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফরিদ আহমদ (৪৫) ও শিশু নাবিল (৮)।

এছাড়া আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লিলি (১৩) ও লিজু (১৫)। তারা আপন বোন বলে জানা গেছে। আহতরা সকলেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আহত মাইক্রোবাস চালক সবুজ মিয়া বলেন, রেললাইন পার হওয়ার সময় আমরা ট্রেনের কোনো আওয়াজ শুনতে পাইনি। ট্রেনটি কোনো হুইসেলও দেয়নি। প্রথম গাড়িটি ঠিকমতো পার হলেও দ্বিতীয় গাড়িটি ট্রেনের সামনে পড়ে যায়।

এ বিষয়ে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

বিস্তারিত আইনিউজের ভিডিওতে-

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জয়নাল বলেন, এখন পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ এসেছে। হতাহত সবার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ