ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

পুলক পুরকায়স্থ

প্রকাশিত: ১৪:২৮, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২০:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারের মৃৎশিল্পীদের কাটছে ব্যস্ত সময়

কাদামাটি দিয়ে প্রতিমা গড়ার প্রাথমিক কাজ এখন শেষের দিকে। ছবি: পুলক পুরকায়স্থ।

কাদামাটি দিয়ে প্রতিমা গড়ার প্রাথমিক কাজ এখন শেষের দিকে। ছবি: পুলক পুরকায়স্থ।

এসেছে শরৎ। দুয়ারে কড়া নাড়ছে দেবীদুর্গার আগমনী বার্তা। আর মাত্র কয়েকটা দিন পর সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

উৎসব পূর্ণতা পায় যাদের হাতের পরশে সেই মৃৎশিল্পীদের কাটছে ব্যস্ত সময়। দেবীদুর্গার প্রতিমা গড়তে গিয়ে যেনো দম ফেলার ফুরসত নেই তাদের। নির্ধারিত সময়ের মধ্যে গড়তে হবে দেবীর প্রতিমা।

খড়, বাঁশ, সুতলি, কাদামাটি, দিয়ে শৈল্পিক শ্রদ্ধায় দেবীদুর্গার প্রতিমা গড়তে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের মৃৎশিল্পীরা।

কাদামাটি দিয়ে প্রতিমা গড়ার প্রাথমিক কাজ এখন শেষের দিকে। এরপর রংতুলির আঁচড়ে প্রতিমা পাবে দৃষ্টিনন্দন রূপ। শক্ত মাটি নরম করে দেবীদুর্গার সঙ্গে গড়ে তুলছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর, সঙ্গে দেবীর বাহন সিংহকে।

জেলা শহরের বিভিন্ন ধর্মীয়প্রতিষ্ঠানসহ কয়েকটি পুজো মন্ডপ ঘুরে দেখা যায়, শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, বাঁশ, সুতলি, কাদামাটিতে তৈরি হচ্ছে প্রতিমা। শুধু বাকি রয়েছে পরিপাটি করে সাজানোর কাজটুকু।

শহরের কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, দুর্গাবাড়ীসহ সৈয়ারপুরের ত্রিনয়নী. আহবান ও গীর্জাপাড়ার মহেশ্বরীসহ অন্যান্য ধর্মীয়প্রতিষ্ঠানে প্রতিমা তৈরিসহ মন্ডপ প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।

মৃৎশিল্পীরা অনেক প্রতিষ্ঠানে খড় দিয়ে প্রতিমা গড়ার প্রাথমিক কাজ করছেন, কেউবা মাটি দিয়ে খড়ের ওপর আবরণ দিচ্ছেন। সকাল থেকে রাত অবধি চলছে এ কর্ম কর্মযজ্ঞ।

৫৫ বৎসরের মৃৎশিল্পী শীবু পাল। তিনি ১৪ বছর বয়স থেকে জড়িত এ পেশায়। প্রতিবছর তিনি দশ-বারোটি প্রতিমা তৈরির অর্ডার নেন। গেলো বছর ৬টি, এবার পেয়েছেন ৪টি প্রতিমা তৈরির অর্ডার।

আলাপকালে তিনি বলেন, 'গেলো বছর মতো এবার প্রতিমা তৈরির তেমন অর্ডার নেই। আশানুরূপ মূল্যও পাচ্ছিনা। একদিকে উপকরণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে ঐতিহ্যগতভাবে এ পেশা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছি।'

সব মিলিয়ে যা খরচ হয় তাতে খুব একটা লাভ হয় না। এরপরও পৈত্রিক পেশা টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন বলেও জানান মৃৎশিল্পী শীবু পাল।

শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে প্রতিমা তৈরি করছেন নারায়ণ পাল। তিনি জানান, এক মাস আগেই প্রতিমা গড়ার কাজ শুরু করে এখন পর্যন্ত ৩টি প্রতিমার অর্ডার পেয়েছেন। একটি প্রতিমা তৈরিতে সময় লাগে ১০-১২ দিন। অক্টোবরের ১০ তারিখে পঞ্চমী। পঞ্চমীর রাতেই প্রতিমার সব কাজ শেষ করতে হবে। এজন্যই ব্যস্ততা।

সনাতনী পঞ্জিকা অনুযায়ী, এবার মহালয়া হবে ৬ অক্টোবর। ১১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান। ১৫ অক্টোবর হবে বিজয়া দশমী। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়