ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৬ ১৪৩৩

পুলক পুরকায়স্থ

প্রকাশিত: ১৯:৫৪, ৬ অক্টোবর ২০২১
আপডেট: ২০:৪৪, ৬ অক্টোবর ২০২১

মৌলভীবাজারের হাজারো পূজা মণ্ডপে সাজ সাজ রব

ঋতু বৈচিত্র্যের ধারাবাহিকাতায় প্রকৃতিতে বইছে পূজার আগমনী বার্তা। মহালয়ার পিতৃপক্ষের সমাপ্তিতে সূচনা হলো দেবীপক্ষের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ১০ অক্টোবর মহাপঞ্চমীতে দেবীর বোধন ও পরের দিন মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। ১৫ অক্টোবর দশমীতিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

মৌলভীবাজার জেলায় এবার ১হাজার ৫টি পূজো মণ্ডপে পূজা হবে। ইতিমধ্যে জেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

তৈরি করা হয়েছে দেবীদুর্গার কাঠামো। প্রতিমাশিল্পীরা খড় আর কাদামাটির মিশ্রণে দেবীদুর্গার পূর্ণ অবয়ব দিয়ে যাচ্ছেন একাগ্রচিত্তে। সহযোগীরা ব্যস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ গড়ায়।

আলোকসজ্জা ও ডেকোরেশনসহ নানান প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপগুলোতে চলছে উৎসবের বর্ণাঢ্য প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীদুর্গার বর্ণিল সাজ-সজ্জার শেষ মুহূর্তের কাজ। এমন চিত্র চোখে পড়ে শহরের সবকয়টি পুজো মন্ডপে।

বুধবার (৬ অক্টোবর) মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির পাশাপাশি মন্ডপ সজ্জায় ব্যস্ত সাজসজ্জায় নিয়োজিত কর্মীরা। কেন্দ্রীয় কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন, আখড়া ও দুর্গাবাড়ীসহ সৈয়ারপুরের ত্রিণয়নী ও আবাহন এবং গীর্জাপাড়ার মহেশ্বরী পূজা মন্ডপে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গোৎসব পালনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নিজেদের নানান প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন বলে, জানান সদর পূজা উদযাপন কমিটির সম্পাদক সুমেশ দাস যীশু।

সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি দেব বলেন, 'কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মণ্ডপে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগত পূজারি, দর্শনার্থী ও ভক্তদের সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নারী-পুরুষের জন্য পৃথক যাতায়াত ব্যবস্থা রাখতে হবে। প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা পরিহার করতে হবে।'

করোনাভাইরাস মহামারীর কারণে দুর্গাপূজা সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পূজা উদ্‌যাপন পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না বলেন, ‘এবারও করোনার কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানাসহ অনেকগুলো নির্দেশনা মেনে দুর্গাপূজার আয়োজনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর মৌলভীবাজার পৌর শহর, সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে জেলায় সর্বমোট ১হাজার ৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে জেলায় সার্বজনীন পূজা মন্ডপ রয়েছে ৮৭৯টি ও ব্যক্তিগত পূজা মন্ডপ রয়েছে ১২৬টি।

আইনিউজ/পুলক পুরকায়স্থ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ