ঢাকা, রোববার   ০৩ মে ২০২৬,   বৈশাখ ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৩:০৪, ৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:০৯, ৭ অক্টোবর ২০২১

শ্রীমঙ্গল উপজেলা উপনির্বাচন

ভোটার শূন্য ভোট কেন্দ্র 

ভোটার শূন্য  লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভোটার শূন্য লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বেলা সাড়ে ১২ টা, লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র সাড়ে তিন শতাংশ মানুষ। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৯২৫। এর মধ্যে ভোট দিয়েছেন ১১১ জন। কেন্দ্রে পাহারা দিচ্ছে পুলিশ, আনসার সদস্য ও ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে আইনিউজের টিম শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রায় এরকমই চিত্র দেখতে পেয়েছে। অধিকাংশ কেন্দ্রই ভোটার শূন্য। কিংবা বিচ্ছিন্নভাবে আসছেন খুবই কম ভোটার।

তবে কিছুটা ভিন্ন চিত্র ছিল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়ের নিজ কেন্দ্র সদর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে। সেখানে কিছুটা ভোটার উপস্থিতি দেখা যায়। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের সভাপতি আফজাল হকেরও নিজ কেন্দ্র এটি।

এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, চা শ্রমিক সন্তান প্রেম সাগর হাজরার নিজ কেন্দ্র ভাড়াউড়া চা বাগান সরকারি বিদ্যালয়ে ছিল ভোটারদের সরব উপস্থিতি। 

তবে শ্রীমঙ্গল শহর, চা বাগানসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের হাহাকার। প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও পুলিশ কর্মকর্তারা মাঝেমাঝে দুই-একজন ভোটারের দেখা পেলে উচ্ছ্বসিত হয়ে পড়েন।  

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলার একটি পৌরসভা ছাড়াও ৯টি ইউনিয়নের মোট ৮০টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করছেন।

গত ২১শে মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেবএর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ