Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

জীবন পাল

প্রকাশিত: ২২:১৯, ৭ মার্চ ২০২২

দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় : দৃষ্টিহীনদের চোখের মণি

দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়

দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়

আবাসিক ১০ জন, অনাবাসিক ৯ জন। মোট ১৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে সিলেটের জিন্দাবাজারের জল্লারপাড়ে অবস্থিত জিডিএফ ডিফেক ‘দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়’। হাছন রাজা জাদুঘরের পাশেই যে বিদ্যালয়টির অবস্থান। 

বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসিক-অনাবাসিক মিলিয়ে ১৯ জন শিক্ষার্থীদের মধ্যে অনার্স ৩য় বর্ষে ১ জন, ডিগ্রী ২য় বর্ষে ১ জন, ডিগ্রী ১ম বর্ষে ২ জন, এইচএসসি পরীক্ষার্থী ১ জন, একাদশ শ্রেণীতে ১ জন, এসএসসি পরীক্ষার্থী ১ জন, দশম শ্রেণীতে ১ জন, নবম শ্রেণীতে ১ জন,ষষ্ঠ শ্রেণীতে ৭ জন ও প্রথম শ্রেণীতে ২ জন শিক্ষার্থী রয়েছে। 

জিডিএফ ডিফেক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অনেক শিক্ষার্থী বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে এইচএসসি পরীক্ষায় ২০০৬ সালে ৩ জন এবং ২০১৮ সালে ২ জন। এসএসসি পরীক্ষায় ২০১৬ সালে ৫ জন,২০১৭ সালে ১ জন এবং ২০২১ সালে ১ জন।  জেএসসি পরীক্ষায় ১০ জন ও পিএসসি পরীক্ষায় ১৬ জন।

পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপর জোর দেওয়া হয়ে থাকে প্রতিবন্ধী এ বিদ্যালয়ে। দেওয়া হয়ে থাকে সেলফ ডিপেন্ড ও মিউজিক প্রশিক্ষণও। সংস্কৃতি অঙ্গণে সিলেটের সব আয়োজনেই এখন প্রতিবন্ধি এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে।

আরও পড়ুন- সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

শিক্ষকরা জানান, সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত করানো হয়ে থাকে ধর্ম ক্লাস, সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেনারেল ক্লাস, দুপুর ১২ টা থেকে দুপুর  ১ টা পর্যন্ত সংস্কৃতি ক্লাস, দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত দুপুরের খাবার, নামাজ ও বিশ্রামের বিরতি। তারপর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে জেনারেল ক্লাস। 

প্রতিবন্ধী এ প্রতিষ্ঠানে জেনারেল বিষয়ে পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ৩ জন। ধর্মীয় বিষয়ে পাঠদানের জন্য ১ জন, সংস্কৃতি বিষয়ে পাঠদানের জন্য ২ জন এবং শিক্ষার্থীদের দেখাশোনার জন্য সুপারভাইজারের দায়িত্বে রয়েছেন ২ জন। আবাসিকে থাকা ১০ জন শিক্ষার্থীদের মধ্যে ৫ জন ছাত্র ও ৫ জন ছাত্রী।

দৃষ্টি প্রতিবন্ধী এ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, প্রতিবন্ধীদের যে বিশেষ নিয়মে পড়াশোনা করানো হয়ে থাকে তা সাধারণ নিয়মের চাইতে ব্যয়বহুল। বলা চলে সাধারণ শিক্ষার চেয়ে ৫ গুণ বেশি। যার কারণে পরিবারের পক্ষে প্রতিবন্ধি সন্তানদের পড়ালেখার খরচ চালিয়ে যাওয়াটা সম্ভব হয়না। 

সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রবাসীদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ

শুরুর দিকে ব্রেইল সিস্টেমে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্রেইল প্রশিক্ষক থাকলেও এখন এ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষার্থীরায় ব্রেইল সিস্টেমের প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারছে। বর্তমানে এ প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীই ব্রেইল প্রশিক্ষণ দিতে সক্ষম বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান বলেন, কোন দৃষ্টি প্রতিবন্ধী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। কিন্তু দেখা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খুব একটা সচেতন নয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে উৎসাহ প্রদান, বোর্ড থেকে পরীক্ষার্থীর জন্য শ্রুতি লেখকের অনুমতি আনিয়ে দেওয়াটা যে প্রতিষ্ঠানের দায়িত্ব সেটাও হয়তো অনেক প্রতিষ্ঠান জানেন না। না হয় জেনেও অবহেলা করেন। এসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ দেখাতে হবে। যাতে অবহেলার কারণে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণে কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। তা না হলে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে। যা নিশ্চয় আমাদের কারো কাম্য নয়। পরীক্ষার হলে শ্রুতি লেখকের অনুমতির এ বিষয়টি কিন্তু আইনেও স্পষ্ট লেখা আছে। 

উল্লেখ্য, সমাজের প্রতিবন্ধিদের নিয়ে কাজ করার লক্ষে ১৯৯৭ সালের ১ জানুয়ারি গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) প্রতিষ্ঠা করেন মরহুম মোহা. রজব আলী খান নজীব। যিনি নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। ২০১৭ সালে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনকে একটি সফল প্রতিবন্ধী সংগঠন হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়।

আইনিউজ/জীবন পাল/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়