ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০০, ১৫ মে ২০২১
আপডেট: ০০:৩৪, ১৬ মে ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

করোনাভাইরাস পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

‘এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন’, বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর থেকে ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ বছরের মে মাস পর্যন্ত এসেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিভি, রেডিও ও অনলাইনে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে সরকার।

 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়