Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৪ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ১৮ মার্চ ২০২৬

‘রঙ্গন’-এ মোশাররফ, তটিনী, ইয়াশদের মিলনমেলা

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদকে ঘিরে ছোটপর্দায় জমে ওঠে বিশেষ আয়োজন। একসময় শুধু টেলিভিশনেই নাটক প্রচার হলেও এখন ইউটিউব প্ল্যাটফর্ম যুক্ত হওয়ায় ঈদের নাটকের পরিসর আরও বিস্তৃত হয়েছে। প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য একগুচ্ছ নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’।

প্রতিষ্ঠানটি জানায়, ঈদ উপলক্ষে তাদের ব্যানারে নির্মিত হচ্ছে মোট ১০টি নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য একটি রুবেল হাসান পরিচালিত ‘তুমি যখন এলে’, যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

নির্মাতা রাফাত মুজতাদার রিংকুর পরিচালনায় থাকছে তিনটি নাটক। এগুলো হলো- ‘ভুল করেও ভালোবাসা হয়’, অভিনয়ে খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী। ‘আমার হয়ে থেকো’, অভিনয়ে ইয়াশ রোহান ও আয়শা খান। ‘আমি একজন খুনি বলছি’, এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, আয়শা খান, তানজিকা আমিন ও শহীদুজ্জামান সেলিম। 

এছাড়াও সেরনিয়াবাত শাওনের পরিচালনায় ‘মৎসকন্যা’ নাটকে দেখা যাবে খায়রুল বাসার ও সাফা কবিরকে। মহিদুল মহিম পরিচালিত ‘মন থেকে মন’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান।

সৈকত রেজার পরিচালনায় ‘খুনসুটি’ নাটকে থাকছেন নির্জন নাহুয়েল ও সুমনা ইয়াসমিন। অন্যদিকে অভিজাত রানা ও সুব্রত মিত্র পরিচালিত ‘যে বাঁধন যায় না ছেঁড়া’ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহারা বিনতে কামাল ও আবুল হায়াত।

পারিবারিক গল্পভিত্তিক নাটক ‘ভালোবাসার অন্য নাম তুমি’ পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, শহীদুজ্জামান সেলিম ও দীপা খন্দকার।

এছাড়া দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মোশাররফ করিম ও হিমি অভিনীত ‘লাল মোরগের ঝোল’, যা পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান।

রঙ্গন এন্টারটেইনমেন্টের প্রযোজক জামাল হোসেন বলেন, “আমরা সবসময় বিনোদনের পাশাপাশি গল্পকে প্রাধান্য দিই। প্রতিটি নাটকেই দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। সুস্থ ও মানসম্মত বিনোদন দেওয়াই আমাদের লক্ষ্য।”

ঈদে বৈচিত্র্যময় গল্প ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতিতে ‘রঙ্গন’-এর এই আয়োজন দর্শকদের জন্য হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণ।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়