ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৮, ৫ জুন ২০২৬

শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবৃত্তি, সঙ্গীত, ছড়াপাঠ ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মৌলভীবাজার রোডস্থ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। পরে পরিবেশিত হয় রবীন্দ্র ও নজরুলসঙ্গীত।

সন্ধ্যার পর কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে এক অনন্য আবহ সৃষ্টি করেন সনামধন্য আবৃত্তি সংগঠন ‘শব্দশৈলী শ্রীমঙ্গল’-এর শিল্পীরা। একই সঙ্গে নবীন খেলাঘরের শিশু-কিশোর শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্র-নজরুলের ছড়াপাঠ। নৃত্যাঙ্গন শ্রীমঙ্গলের শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনৃত্য অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যাপক কল্যাণ কান্তি দত্ত। দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও আবৃত্তিশিল্পী জলি পালের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট লেখক, কবি ও শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য।

এছাড়া বক্তব্য রাখেন ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক তমাল চক্রবর্তী এবং শব্দশৈলী শ্রীমঙ্গলের পরিচালক ও প্রশিক্ষক বিকাশ দাশ বাপ্পনসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

রবীন্দ্র-নজরুলের সাহিত্য, সঙ্গীত ও মানবতাবাদী চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতির চর্চা ও বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়