ঢাকা, শুক্রবার ০৩ জুলাই ২০২৬,   আষাঢ় ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৩, ৩ জুলাই ২০২৬

মৌলভীবাজারে ১০ জনকে পুশইন করলো বিএসএফ, ফেরত পাঠালো বিজিবি

এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।

এআই প্রযুক্তি দিয়ে তৈরি প্রতীকী ছবি।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে বৃহস্পতিবার রাতেই বিজিবি তাদের ভারতে ফেরত পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণ করার মতো কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে রাতেই তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয়।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়