ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১২ মে ২০২৬
আপডেট: ১৮:১৪, ১২ মে ২০২৬

চার বছরের দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, মৌনী-সূরজ কেন আলাদা?

মৌনী ও সূরজ। ছবি: সংগৃহীত

মৌনী ও সূরজ। ছবি: সংগৃহীত

বলিউডে সম্পর্ক ভাঙা-গড়ার খবর নতুন নয়। তবে এবার আলোচনায় অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার। চার বছরের দাম্পত্যজীবনের পর তাঁদের সম্পর্কে ফাটলের গুঞ্জন এখন বি-টাউনের অন্যতম আলোচিত বিষয়।

২০২২ সালে ভারতের গোয়ায় বাঙালি ও মালয়ালি, দুই রীতিতেই জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছিলেন মৌনী ও সূরজ। বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একসঙ্গে নানা মুহূর্তের ছবি দেখে অনেকেই তাঁদের সুখী দম্পতি হিসেবে মনে করতেন। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ছন্দপতনের ইঙ্গিত মিলছে।

সম্প্রতি দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আর অনুসরণ করছেন না এই তারকা দম্পতি। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবিও নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছেন মৌনী। অন্যদিকে, সূরজও নাকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা প্রায় সম্পূর্ণ মুছে ফেলেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নতুন বছরের শুরু থেকেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে। বলিউডের অন্দরমহলের গুঞ্জন, সূরজের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছেন মৌনী। অন্য এক নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। এছাড়া, মৌনীর আর্থিক বিষয়েও সূরজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করা হচ্ছে।

এরই মধ্যে মৌনীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী দিশা পাটানিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সূরজকে আনফলো করেছেন বলে জানা গেছে। একসময় দিশার সঙ্গে সূরজের বন্ধুত্ব বেশ ভালো ছিল বলেও শোনা যায়।

যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌনী বা সূরজ। ফলে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। তবে অনুরাগীদের একাংশ এখনো আশা করছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও স্বাভাবিক সম্পর্কে ফিরবেন এই তারকা দম্পতি।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়